সোমবার ২০ জুলাই, ২০২৬

আর্জেন্টিনা–স্পেন বিশ্বকাপ ফাইনাল, কার হাতে উঠবে ট্রফি?

রাইজিং স্পোর্টস

RisingCumilla - Lionel Messi vs Lamine Yamal
লামিন ইয়ামাল ও লিওনেল মেসি বিশ্বকাপ ফাইনাল/গ্রাফিক্স: গোল

ফুটবল বিশ্বের সব নজর এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দিকে। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকার শিরোপাজয়ী আর্জেন্টিনা।

বহুল প্রতীক্ষিত এই ফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা। এরই মধ্যে ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে গাণিতিক বিশ্লেষণ প্রকাশ করেছে জনপ্রিয় পরিসংখ্যানভিত্তিক প্ল্যাটফর্ম অপ্টা সুপারকম্পিউটার।

অপ্টার বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ জয়ের দৌড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন। সুপারকম্পিউটারের হিসেবে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ২৯.৪ শতাংশ। এছাড়া ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানো বা টাইব্রেকারে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা ২৫.৪ শতাংশ।

তবে এই পূর্বাভাস নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চলমান বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অপ্টার বেশিরভাগ পূর্বাভাস বাস্তবতার সঙ্গে মিললেও সেমিফাইনালে তাদের কোনো পূর্বাভাসই সঠিক হয়নি। তাই আর্জেন্টিনা সমর্থকদের বিশ্বাস, পরিসংখ্যান নয়, শেষ পর্যন্ত মাঠের লড়াইই নির্ধারণ করবে প্রকৃত চ্যাম্পিয়ন।

এই ফাইনালে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে দুই দলের সামনেই। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নতুন প্রজন্মের শক্তিমত্তার প্রমাণ দিতে চায় স্পেন।

একদিকে মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপের আবেগ, অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা তরুণ স্প্যানিশদের আত্মবিশ্বাস-সব মিলিয়ে ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় ফাইনালের অপেক্ষায় কোটি কোটি দর্শক।

সুপারকম্পিউটার হয়তো সম্ভাবনার হিসাব দিতে পারে, কিন্তু ফুটবল বরাবরই অনিশ্চয়তার খেলা। তাই মেটলাইফ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার আগে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে, সেই উত্তর মিলবে মাঠের ৯০ মিনিট—অথবা তারও বেশি সময়ের লড়াই শেষে।

আরও পড়ুন