
রাইজিং কুমিল্লা ডেস্ক
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ০৬ বিলিয়ন মার্কিন ডলারে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম–৬ হিসাব পদ্ধতি অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২৯ হাজার ৪৭৫ দশমিক ৫৫ মিলিয়ন ডলার, যা প্রায় ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের সমান।
এর আগে ২ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার এবং আইএমএফের বিপিএম–৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভে দৃশ্যমান বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, আইএমএফের নির্ধারিত বিপিএম–৬ মানদণ্ড অনুসারে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে যে হিসাব করা হয়, সেটিকেই নিট বা প্রকৃত রিজার্ভ হিসেবে ধরা হয়। সাম্প্রতিক এ বৃদ্ধিকে দেশের বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনার জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC