
বিনোদন ডেস্ক
হলিউডের আলো-ছায়ার জগতে জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি বরাবরই পরিচিত তার অভিনয় দক্ষতা ও পর্দার উপস্থিতির জন্য। তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই রাজনীতিক বিতর্কে জড়িয়ে পড়ে তিনি উঠে এসেছেন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বৈশ্বিক অঙ্গনে তাকে ঘিরে চলছে তুমুল চর্চা ও নানা জল্পনা। ঠিক এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই দীর্ঘ নীরবতা ভেঙে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই তারকা।
এক আন্তর্জাতিক ম্যাগাজিনে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে সিডনি সুইনি সাফ জানিয়ে দেন—রাজনীতি তার ক্ষেত্র নয় এবং এ বিষয়ে কথা বলার কোনো আগ্রহও তার নেই। তিনি বলেন,
“আমি এখানে রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি। এসব আলোচনার কেন্দ্রে আমি থাকতে চাই না। মানুষ কেন আমাকে তাদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চায়, আমি জানি না। এটি আমার নিয়ন্ত্রণে নেই।”
সুইনিকে ঘিরে বিতর্কের অন্যতম কারণ হলো সামাজিক মাধ্যমে তাকে প্রায়ই ‘মাগা বার্বি’ নামে সম্বোধন করা। অনেক নেটিজেনের দাবি, নিজের রাজনৈতিক অবস্থান প্রকাশ না করায় তাকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে ব্যক্তিগত মতামত গোপন রাখার বিষয়টি অনেকের কাছে প্রশ্নের জন্ম দিয়েছে।
এই প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন,
“আমি কখনো বলিনি যে আমি রাজনীতি নিয়ে কথা বলব। এটি এমন একটি ক্ষেত্র যেখানে আমি থাকতে চাই না। আমি একজন অভিনয়শিল্পী হতে চেয়েছি, কারণ আমি গল্প বলতে ভালোবাসি।”
উল্লেখ্য, ২০২৫ সালে একটি জিন্স ব্র্যান্ডের বিজ্ঞাপনকে কেন্দ্র করে সিডনি সুইনিকে ঘিরে তীব্র বিতর্কের সূচনা হয়। সেই বিজ্ঞাপনটি নিয়ে এমন মাত্রার আলোচনা তৈরি হয় যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পক্ষ থেকেও প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানো হয়। সে সময় বিষয়টি নিয়ে নীরব থাকলেও এখন সুইনি মনে করছেন, তার সেই নীরবতাকে অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেছেন, যা পরবর্তীতে তাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও উসকে দেয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC