শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

“আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করব”: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - I am a child of Brahmanbaria, I will vote from Brahmanbaria-Rumeen Farhana
"আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করব": রুমিন ফারহানা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করবো। আপনারা যদি আমার পাশে থাকেন, এই এলাকাই হবে আমার মৃত্যুর পর শেষ ঠিকানা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আশুগঞ্জের তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে অবহেলা নিয়ে প্রশ্ন তুলে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি এত অবহেলা কেন? কথায় কথায় এখানে জোটের প্রার্থী আসে কেন? ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন হয় না কেন? আমরা কি ভোট দিতে কার্পণ্য করি? আমরা কি ভোটের বাক্স ভরে দিই না? তাহলে এই অবহেলার জবাব দেবে ব্রাহ্মণবাড়িয়ার জনগণ।”

ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, “আপনারা প্রার্থী দেখে ভোট দেবেন। জনগণ দেশের মালিক। নিজের মালিকানা ভুল মানুষের হাতে তুলে দেবেন না। আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী।”

তিনি আরও বলেন, “অনেকেই বলবে উনাকে এটা দেওয়া হবে, ওটা হবে। আমি বলি, আমার এলাকার মানুষের ভোট ছাড়া আমি কারও কিছু চাই না।”

নিজের প্রতিশ্রুতির কথা তুলে ধরে বিএনপির এই নেত্রী বলেন, “আমি আপনাদের মাটির সন্তান। আমি আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।”

সভার সভাপতিত্ব করেন তারুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন সাইমোল্লা।

ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া সভাটি উদ্বোধন করেন এবং প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইয়াহিয়া মাসউদ। সভাকে কেন্দ্র করে বিকেল থেকেই তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে এসে জড়ো হন।

আরও পড়ুন