
রাইজিং কুমিল্লা ডেস্ক
নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা জানি দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করেন এবং তাদের জীবন কৃষির ওপর নির্ভরশীল। আমরা বিশ্বাস করি- কৃষক বাঁচলে দেশ বাঁচবে।’ কৃষকদের আর্থিক সুরক্ষা দিতে মন্ত্রিসভার বৈঠকে ইতোমধ্যে কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাসী। জনকল্যাণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যেই সরকার সারাদেশে খাল খনন ও সংস্কারের মহাপরিকল্পনা হাতে নিয়েছে।
প্রধান অতিথি হিসেবে সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। আমরা সেই আদর্শে বিশ্বাস করি যা সরাসরি মানুষের উপকারে আসে।’
তিনি আরও উল্লেখ করেন যে, অতীতেও বিএনপি খাল কাটা কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব এনেছিল এবং বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় আবারও সারাদেশে এই কার্যক্রম ছড়িয়ে দেবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
জনসভা শেষে বিকেলে দিনাজপুরের শেখ ফরিদ মডেল কবরস্থানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে শায়িত তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি। পরে বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এর আগে, কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সকাল সাড়ে ৯টায় একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়কপথে কর্মসূচিস্থল দিনাজপুরে যান তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC