
দেশত্যাগ না করার অবস্থান তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ থেকে পালায়নি। আমরা জেল খেটেছি, জীবন দিয়েছি, কিন্তু মাটি ছেড়ে পালাইনি। কারণ আমরা এই দেশকে ভালোবাসি।” তিনি নতুন রাজনৈতিক পথরেখা তৈরির প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য সমাপ্ত করেন।|”
দলটির আমির ডা. শফিকুর রহমান শুক্রবার রাজধানীর ভাষানটেক এলাকায় যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে এ প্রতিশ্রুতি দেন, যেখানে তিনি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আগামী ফেব্রুয়ারির আগে অনুষ্ঠেয় নির্বাচনে জনগণ যারা দেশকে ভালোবাসে এবং যাদের বক্তব্যে আস্থা রাখে তাদেরই বেছে নেবে। তিনি দাবি করেন, দুর্নীতি, চাঁদাবাজি ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের মতো অভিজ্ঞতা জামায়াতের নেই।
তিনি আরও বলেন, জনগণ যদি জামায়াতকে বিজয়ী করে, তখন বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সমস্ত রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে সরকার পরিচালনার উদ্যোগ নেবে দলটি। কারও প্রতি বৈরিতা নয় বরং সমঝোতা ও ঐক্যের মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়তে চান তারা।
দুর্নীতি ও স্বৈরশাসনের কঠোর সমালোচনা করে শফিকুর রহমান বলেন, দেশে এখনও ‘ফ্যাসিবাদের পাঁচ লক্ষণ’ বিদ্যমান চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি, নারীর মর্যাদা হরণ এবং ক্ষমতার অপব্যবহার। তিনি জানান, পুরোনো রাজনৈতিক ফর্মুলায় আর দেশ চলবে না; জনগণের সরকার হবে সৎ, জবাবদিহিমূলক এবং নাগরিক স্বার্থ কেন্দ্রিক।
স্বাধীনতার ৫০ বছর পরেও প্রকৃত সুফল না পাওয়ার হতাশা তুলে ধরে তিনি প্রশ্ন করেন, অপরিসীম প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন এখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না।









