
রাইজিং কুমিল্লা ডেস্ক

দীর্ঘ সাড়ে আট মাস পর ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার প্রভাব পড়েছে দেশের বাজারে। আমদানি শুরুর মাত্র এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি কাঁচামরিচের দাম কেজিপ্রতি ১০০ টাকা পর্যন্ত কমেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) হিলি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দেশি কাঁচামরিচ বর্তমানে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগের দিন একই মরিচের দাম ছিল ২৫০ থেকে ২৬০ টাকা। অন্যদিকে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে মরিচ কিনতে আসা রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ভারত থেকে আমদানি শুরু হওয়ার কারণে এক রাতেই কেজিপ্রতি ১০০ টাকা দাম কমেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে কাঁচামরিচের দাম ১০০ টাকার নিচেও নেমে আসতে পারে।
একই বাজারে ভ্যানচালক ওমর আলী বলেন, কিছুদিন আগেও কাঁচামরিচ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যা সাধারণ মানুষের জন্য বড় চাপ ছিল। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান তিনি।
কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ জানান, দাম কমায় বাজারে ক্রেতার সংখ্যা বেড়েছে। তিনি বলেন, বর্তমানে কম দামে মরিচ কিনে কম দামে বিক্রি করা হচ্ছে। ভারত থেকে আমদানি চলমান থাকলে দাম আরও কমে যেতে পারে।
উল্লেখ্য, দীর্ঘ সাড়ে আট মাস বন্ধ থাকার পর সোমবার (৩ আগস্ট) থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচামরিচ আমদানি পুনরায় শুরু হয়। প্রথম দিনে চারটি ট্রাকে প্রায় ৩০ মেট্রিক টন কাঁচামরিচ দেশে আসে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত ৬৯ জন আমদানিকারক মোট ২৯ হাজার ৪০০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। প্রতি মেট্রিক টন কাঁচামরিচ ৫০০ মার্কিন ডলার মূল্যে শুল্কায়ন করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC