
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও হুইপ এবং বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা নগরীর বাদুরতলা ওয়াইডব্লিউসিএ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ উঠান বৈঠকে কুমিল্লা মহানগরের ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কুমিল্লা মহানগর বিএনপির ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি ইঞ্জিনিয়ার ইদ্রিস মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, “কুমিল্লায় একটি খাল নেই, একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নেই—তাহলে কীভাবে পয়োনিষ্কাশন হবে? একটি নগরীকে মেট্রোপলিটন হিসেবে গড়ে তুলতে হলে পরিকল্পিত অবকাঠামো দরকার।”
তিনি বলেন, পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হলেও কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। “কুমিল্লা আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। আমি এমন একটি উদ্যোগ নিতে চাই, যাতে কুমিল্লা একটি আধুনিক, উন্নত ও বসবাসযোগ্য শহরে পরিণত হয়।”
আরও বলেন, “তারেক রহমান একজন ইস্পাতের মতো শক্ত নেতা। তার নেতৃত্বে কুমিল্লাকে ‘ইন্ডিকেটেড ওয়েতে’ পরিকল্পিতভাবে সম্প্রসারণ করতে হবে। নতুন প্রজন্ম শুধু ছাত্র নয়—তারা আগুনের ফুলকি। মা-বোনেরা বহুবার ভোট দিয়েছেন, এবার আমাকে একবার সুযোগ দিন। আমি আপনাদের ভোটের প্রকৃত মূল্য দেব।”
সভায় বক্তারা বলেন, আধুনিক ও বাসযোগ্য কুমিল্লা গড়ে তুলতে মনিরুল হক চৌধুরীর অভিজ্ঞতা, দূরদর্শী চিন্তা ও নেতৃত্ব অত্যন্ত প্রয়োজনীয়। একজন মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি সবসময় কুমিল্লার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন বলে বক্তারা উল্লেখ করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক উদবাতুল বারী আবু, মহানগর যুবদল নেতা ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা, ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও ১০ নম্বর ওয়ার্ডের নির্বাচনী পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আতিক সেলিম রুবেলও উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে উপস্থিত সাধারণ মানুষ মনিরুল হক চৌধুরীর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে তাঁর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC