
আজ ৭ ফেব্রুয়ারি। আজকের দিনটি ‘রোজ ডে’ হিসেবে পরিচিত। এই রোজ ডে উদযাপনের মধ্য দিয়েই প্রতি বছর শুরু হয় ভালোবাসা সপ্তাহ, যা culminate করে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবসে।
প্রেম আর ভালোবাসা দিবস মানেই ফুল, আর ফুলের রাজ্যে নিঃসন্দেহে সবার সেরা ‘ফুলের রানি’ গোলাপ। তবে সব রঙের গোলাপই যে একই অর্থ বহন করে—তা কিন্তু নয়। গোলাপের রঙ অনুযায়ী এর অর্থ ও বার্তাও ভিন্ন ভিন্ন হয়।
কথিত রয়েছে, একটি গোলাপ মানুষের ভালোবাসার গভীর অংশটিকে বোঝাতে সাহায্য করে। তাই মানুষের বিভিন্ন ধরনের অভিব্যক্তি বুঝাতে সাহায্য নেয়া হয় বিভিন্ন রঙের গোলাপ ফুলে।
তাই কাউকে গোলাপ উপহার দেয়ার আগে চলুন জেনে নেওয়া যাক—রঙভেদে গোলাপের অর্থ কী:
লাল গোলাপ
গোলাপের কথা বললেই সবার আগে চোখে ভাসে লাল গোলাপ। এটি হৃদয়ের প্রতীক। কাউকে নিঃশর্ত ভালোবাসার কথা জানাতে চাইলে লাল গোলাপের তুলনা নেই। প্রেমের সবচেয়ে শক্তিশালী প্রতীক এই লাল গোলাপ।
গোলাপি গোলাপ
কারও প্রতি প্রশংসা বা মুগ্ধতা প্রকাশ করতে চাইলে গোলাপি রঙের গোলাপ হতে পারে আদর্শ উপহার। এটি সৌজন্য, কৃতজ্ঞতা ও প্রশংসার প্রতীক।
ল্যাভেন্ডার গোলাপ
এই রঙের গোলাপ তুলনামূলকভাবে বিরল। তবে প্রেমের ক্ষেত্রে এটি অত্যন্ত অর্থবহ। ল্যাভেন্ডার গোলাপ উপহার দেওয়ার অর্থ—প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়া।
কমলা গোলাপ
তীব্র আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাতে কমলা গোলাপ বিশেষভাবে কার্যকর। মুখে না বলতে পারা অনুভূতি প্রকাশে লাল গোলাপের চেয়েও শক্তিশালী বার্তা দেয় কমলা গোলাপ।
হলুদ গোলাপ
হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। বন্ধুর সঙ্গে সম্পর্কের উষ্ণতা ও আনন্দ ভাগ করে নিতে এই রঙের গোলাপ উপহার দেওয়া যেতে পারে।
সাদা গোলাপ
সাদা গোলাপ সারল্য ও পবিত্রতার প্রতীক। যদিও রোজ ডে-তে এটি সবচেয়ে জনপ্রিয় নয়, তবে কাছের মানুষের সরলতা ও আন্তরিকতার গুণ প্রকাশ করতে সাদা গোলাপ দেওয়া যেতে পারে।
পিচ গোলাপ
রোজ ডে-তে পিচ রঙের গোলাপ হতে পারে দারুণ এক অনুভূতির বাহক। এই রঙের গোলাপের অর্থ—আপনি প্রেমে পড়েছেন, কিন্তু তা প্রকাশ করতে লজ্জা পাচ্ছেন। মনের কথা না বলেও পিচ গোলাপ উপহার দিলে, আপনার অনুভূতি সহজেই বুঝে নিতে পারবেন প্রিয় মানুষটি।
সূত্র: হিন্দুস্তান টাইমস










