
রাইজিং কুমিল্লা ডেস্ক
আগামী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে আনুমানিক ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় বৈঠকে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে বক্তব্য দেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত সময়ে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৯ লাখ ৩৩ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
তিনি বলেন, দক্ষ ও পেশাদার কর্মী বিদেশে পাঠানোর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরি এবং বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নুরুল হক নুর আরও জানান, যেসব দেশে বর্তমানে বাংলাদেশি কর্মী নিয়োগ সীমিত বা বন্ধ রয়েছে, সেসব দেশের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সরকারের দ্বিপাক্ষিক আলোচনা চলমান রয়েছে।
সরকার আশা করছে, চলমান উদ্যোগের ফলে আগামী অর্থবছরে বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রায় ১৪ লাখ বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC