
রাইজিং কুমিল্লা ডেস্ক
দেশের জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে আগামী জুলাইয়ের শেষ কিংবা আগস্টের প্রথম সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-এর উচ্চপদস্থ কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করায় জ্বালানি লোডিংয়ের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়।
তবে সময় স্বল্পতার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট সরাসরি উপস্থিত থাকতে পারছেন না। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, জ্বালানি লোডিংয়ের মাধ্যমে প্রকল্পটি উৎপাদনের মূল ধাপে প্রবেশ করবে। প্রাথমিকভাবে প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে পূর্ণ সক্ষমতায় (১২০০ মেগাওয়াট) পৌঁছানোর আশা করা হচ্ছে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান জানান, কেন্দ্রটি পরিচালনার জন্য ৫২ জন বাংলাদেশি বিশেষজ্ঞ আন্তর্জাতিক মানের লাইসেন্স অর্জন করেছেন। তারা রাশিয়ার বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কেন্দ্র পরিচালনা করবেন। জ্বালানি লোডিংয়ের পর বিভিন্ন ধাপে কঠোর পরীক্ষা ও নিরাপত্তা বিশ্লেষণ সম্পন্ন করা হবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, এ বছরের শেষ নাগাদ দ্বিতীয় ইউনিটেও ফুয়েল লোডিং শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তা রয়েছে। দুটি ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশেরও বেশি পূরণ করতে সক্ষম হবে।
এদিকে, আসন্ন ফুয়েল লোডিং কার্যক্রমকে ঘিরে জনসচেতনতা বাড়াতে চরসাহাপুর এলাকায় ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন স্থানীয়দের প্রকল্পের নিরাপত্তা ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে যেকোনো গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC