বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬

‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’ মুক্তি পাবে বাংলাদেশে?

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Will ‘Awarapan 2’ and ‘Toxic’ be released in Bangladesh
ছবি: সংগৃহীত

দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সাফটা (SAFTA) চুক্তির আওতায় প্রথম ধাপে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ এবং ইয়াশ অভিনীত ‘টক্সিক’ সিনেমা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, ‘আওয়ারাপান ২’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি চেয়ে ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। মঙ্গলবার (১৪ জুলাই) প্রতিষ্ঠানটি সাফটা চুক্তির আওতায় সিনেমাটি আমদানির অনুমোদন চেয়ে আনুষ্ঠানিক আবেদন করে। একই সঙ্গে ‘টক্সিক’ সিনেমাটিও আমদানির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন সংবাদমাধ্যমকে বলেন, ‘আওয়ারাপান ২’ বাংলাদেশে মুক্তির জন্য আবেদন করা হয়েছে। খুব শিগগিরই ‘টক্সিক’ সিনেমার আবেদনও জমা দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমাটিও বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব ধরনের সরকারি নিয়ম মেনেই সিনেমাগুলো আমদানির চেষ্টা চলছে বলে জানান তিনি।

বর্তমানে বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্টদের আশা, অনুমতি মিললে কয়েক বছর পর আবারও বাংলাদেশের প্রেক্ষাগৃহে নিয়মিতভাবে ভারতীয় সিনেমা মুক্তির পথ উন্মুক্ত হবে।

আরও পড়ুন