
রাইজিং ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এমনটা জানান তিনি।
শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন পরবর্তীতে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে।
ড. ইউনূস আসন্ন নির্বাচন সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক, যেখানে বিপুল সংখ্যক ভোট পড়ার সম্ভাবনা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, এবারের নির্বাচনে প্রায় ১০ লাখ তরুণ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই তরুণরা গত ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সময় অনুষ্ঠিত তিনটি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। তাদের অংশগ্রহণে নির্বাচনটি আরও বেশি অংশগ্রহণমূলক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আলোচনায় জুলাই সনদের প্রসঙ্গ টেনে ড. ইউন.স বলেন, এই সনদ বাংলাদেশের জন্য একটি নতুন সূচনা। তিনি মনে করেন, গত বছরের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী লাখ লাখ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এই সনদ।
বৃহস্পতিবারের বৈঠকে আসন্ন নির্বাচন ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC