বুধবার ১৮ মার্চ, ২০২৬

আইসিসি তালিকায় বড় লাফ মিরাজের, জায়গা হল শীর্ষ দশে

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Mehidy Hasan Miraz
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ/ছবি: আইসিসি

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মেহেদি হাসান মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদ ওয়ানডে খেলোয়াড় র‍্যাংকিংয়ে বোলারদের তালিকার সেরা দশে জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার।

সিরিজজুড়ে বল হাতে ও ব্যাটে গুরুত্বপূর্ণ অবদান রেখে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জিততে বড় ভূমিকা রাখেন মিরাজ। তিন ম্যাচে তিনি নেন পাঁচটি উইকেট এবং পুরো সিরিজে ছিলেন অত্যন্ত নিয়ন্ত্রিত বোলিংয়ে কার্যকর। তার ইকোনমি রেটও ছিল উল্লেখযোগ্যভাবে কম, যা দলের সাফল্যে বড় ভূমিকা রাখে।

এই পারফরম্যান্সের ফলেই আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। একই সঙ্গে অলরাউন্ডারদের তালিকায় আরও দুই ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন মিরাজ।

শুধু মিরাজই নন, বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন। বোলারদের তালিকায় তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮তম স্থানে। মোস্তাফিজুর রহমান ১৩ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৭তম স্থানে। সবচেয়ে বড় লাফ দিয়েছেন নাহিদ রানা—৬৫ ধাপ এগিয়ে এখন তিনি ৯৮তম স্থানে রয়েছেন।

ব্যাটসম্যানদের তালিকায়ও উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। তানজিদ হাসান তামিম ৩১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৫তম স্থানে। আর লিটন দাস ১০ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৮২তম স্থানে।

অন্যদিকে পাকিস্তান দলেও দেখা গেছে র‍্যাংকিংয়ে অগ্রগতি। সালমান আলি আঘা ব্যাটারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে যৌথভাবে নবম স্থানে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকাতেও তিনি এক ধাপ এগিয়ে যৌথভাবে দশম স্থানে রয়েছেন। দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি চার ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় এখন যৌথভাবে ২৫তম স্থানে অবস্থান করছেন।

সব মিলিয়ে পাকিস্তান সিরিজে পারফরম্যান্সের ইতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশ ও পাকিস্তান—দুই দলের ক্রিকেটারদের আইসিসি র‍্যাংকিংয়েই।

আরও পড়ুন