
রাইজিং স্পোর্টস
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে গত আইপিএল আসরে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ পড়েছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। নানা আলোচনা ও বিতর্কের জন্ম দেওয়া সেই ঘটনার পর এবার নতুন করে আইপিএলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আসন্ন আসরের মিনি নিলামে অংশ নিতে ইতোমধ্যে নিজের নাম নিবন্ধন করেছেন এই টাইগার পেসার।
আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের মিনি নিলাম। সেখানে মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের আরও তিন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। তারা হলেন পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন। এ ছাড়া বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার নিলামে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
এর আগে আইপিএলের সর্বশেষ আসরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত তাকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা।
মোস্তাফিজকে কেন্দ্র করে সৃষ্ট ওই ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি করে। এর প্রভাব পড়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হয়। একই সঙ্গে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়।
এদিকে, আসন্ন আইপিএল নিলামের প্রস্তুতি হিসেবে বাংলাদেশি ক্রিকেটারদের নিবন্ধনের তালিকা চেয়েছিল বিসিসিআই। নিয়ম অনুযায়ী, এবারের নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC