
রাইজিং স্পোর্টস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘ ১৮ বছরের খেলোয়াড়ি জীবনের ইতি টানতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে কিংবা উইকেটের পেছনে আর দেখা না গেলেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে তার সম্পর্ক শেষ হচ্ছে না। ২০২৭ সালের আইপিএল থেকে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
আগামী মৌসুমের জন্য খেলোয়াড় ধরে রাখার তালিকা প্রকাশের শেষ দিনে ধোনির নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। এর মধ্য দিয়ে আইপিএলে খেলোয়াড় হিসেবে ধোনির দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটতে যাচ্ছে।
চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন জানিয়েছেন, ক্রিকেটার হিসেবে মাঠে না থাকলেও ধোনি সবসময়ই ফ্র্যাঞ্চাইজিটির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন। চেন্নাইয়ের পরিচয়ের সঙ্গে ধোনির নাম গভীরভাবে জড়িয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, এই দলই ধোনির প্রকৃত ঘর।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে পথচলা শুরু ধোনির। দীর্ঘ এই সময়ে তার নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে দলটি। পাশাপাশি দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফিও নিজেদের ঘরে তুলেছে চেন্নাই।
ধোনির সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির দীর্ঘ সম্পর্কের স্মৃতিচারণ করে শ্রীনিবাসন বলেন, তাকে ছাড়া চেন্নাই সুপার কিংসের কথা ভাবাই কঠিন। প্রায় দুই দশকের পথচলায় দলটি ধোনিকে সঙ্গে নিয়ে সাফল্য, ব্যর্থতা ও নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতেই এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ২০০৮ সালে ধোনিকে দলে নেওয়ার সিদ্ধান্তকে নিজের অন্যতম সেরা সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।
চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপনা পরিচালক কেএস বিশ্বনাথনও ধোনির অবদানকে কেবল মাঠের পারফরম্যান্স কিংবা শিরোপা জয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না। তার মতে, চেন্নাই শহর ও সেখানকার মানুষের সঙ্গে ধোনির যে আত্মিক বন্ধন তৈরি হয়েছে, সেটিই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। চেন্নাইয়ের মানুষও তাকে নিজেদের পরিবারের একজন হিসেবে গ্রহণ করেছে।
খেলোয়াড় হিসেবে ধোনিকে মাঠে না পাওয়ার শূন্যতা থাকলেও মেন্টর হিসেবে তার অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্বনাথন। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের প্রস্তুত করা, তাদের দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যৎ দল গঠনে ধোনির পরামর্শ ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী তিনি।
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার ধোনি। এখন পর্যন্ত ২৭৮ ম্যাচে ২৪২ ইনিংস ব্যাট করে তার সংগ্রহ ৫ হাজার ৪৩৯ রান। ৩৮.৩০ গড় ও ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ব্যাট করা এই তারকার নামের পাশে রয়েছে ২৪টি অর্ধশতক। আইপিএলে তিনি মেরেছেন ৩৭৫টি চার ও ২৬৪টি ছক্কা। তবে দীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো সেঞ্চুরি নেই তার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC