
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ নির্দেশনা দেশের সব রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজন এবং নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে নির্বাচন কমিশনের পরিপত্র-৯ এর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে উক্ত সেলের কার্যপরিধি অনুযায়ী গৃহীত কার্যক্রমের প্রতিবেদন নিয়মিতভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর কথাও বলা হয়েছে।
ইসির নির্দেশনার আলোকে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে সেলের সদস্যদের নামের তালিকা (মোবাইল নম্বরসহ) জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের জন্য সব রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে।
পরিপত্র-৯ অনুযায়ী, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি শক্তিশালী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করতে হবে। এই সেলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধি, পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোনীত কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।
গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গৃহীত কার্যক্রম সম্পর্কে নিয়মিতভাবে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করবে।
এছাড়া ভোটকেন্দ্র ও ভোটকক্ষের বাইরে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন করে চাঁদাবাজ, মাস্তান ও পরিচিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের কার্যক্রম পরিচালনার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC