
রাইজিং কুমিল্লা ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানী ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সেনা মোতায়েনের আওতায় থাকা জেলাগুলো হলো— ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর।
এদিকে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ পিকেটিং ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সঙ্গে ঢাকার সব প্রবেশপথে জোরদার করা হবে তল্লাশি কার্যক্রম।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন (আইএডি) সার্বক্ষণিক মাঠে সক্রিয় থাকবে। সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ডিএমপির চারটি প্রধান কন্ট্রোলরুমে পর্যাপ্ত রিজার্ভ ফোর্স স্ট্যান্ডবাই থাকবে।
ডিএমপি সূত্র আরও জানায়, রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC