বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

অবশেষে যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

রাইজিং ডেস্ক

ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর পরীক্ষামূলক যাত্রা শেষে যমুনা রেল সেতু দিয়ে চলাচল শুরু করল যাত্রীবাহী ট্রেন। এর মধ্যে দিয়ে বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে ইতি ঘটল ট্রেন চলাচলের।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয় নতুন তৈরি এ রেল সেতু দিয়ে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দেয় বঙ্গবন্ধু সেতু থেকে উত্তর পাশে অবস্থিত এ সেতু দিয়ে।

রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বলেন, ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয়দিকে ট্রেন চলাচল করবে। এ জন্য দুই পাড়ে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে রেল সেতুটি। ওই দিন থেকে দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। নতুন এ রেল সেতু চালুর সঙ্গে সঙ্গে বুধবার থেকেই যমুনা সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ হচ্ছে।

প্রসঙ্গত রেলওয়ে প্রকল্প সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে ৯ হাজার ৭৩৪ দশমিক ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পরবর্তী সময়ে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা। যার ১২ হাজার ১৪৯ দশমিক ২ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছেন। এই প্রকল্পের মূল নির্ধারিত সময় ছিল জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৩। কিন্তু প্রথম সংশোধনে এ সময়সীমা ডিসেম্বর ২০২৪ এ স্থানান্তরিত করা হয়।

এর আগে, ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়।সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছেন জাপানি কোম্পানি ওটিজি ও আইএইচআই জয়েন্টভেঞ্চার।

আরও পড়ুন