
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে ভারতীয় প্রশাসন বাংলাদেশের প্রতিনিধিদলের কাছে তাদের হস্তান্তর করে।
মুক্তি পাওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুই পুলিশ সদস্যকে হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে দায়িত্ব পালনকালে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশের একটি দল।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। তাকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। পরে ভারতীয় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন।
এদিকে, সহকর্মীকে ছাড়িয়ে আনতে গিয়ে এএসআই ইমরান হোসেনও আটক হন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে বৃহস্পতিবার রাত থেকেই পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালিয়ে আসছিলেন।
দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার দুপুরে ভারতীয় প্রশাসন দুই পুলিশ সদস্যকে বাংলাদেশের প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বৃহস্পতিবার রাত থেকেই আলোচনা চলছিল। অবশেষে শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ইমরান হোসেন ও রোহিত দেওয়ানকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC