
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা সৎ ও দক্ষ, তাদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চায় সরকার। যার যে কাজ, সেটি ঠিকভাবে সম্পন্ন করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রমের সাফল্যের ওপর সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সফলতা অনেকাংশে নির্ভরশীল। তাই আজকের রাজস্ব সম্মেলন আগামী দিনে এনবিআর কর্মকর্তাদের আরও বেশি সাফল্যের পথ দেখাবে বলে আশা করেন তিনি।
এনবিআরের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার যে ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, সে বিষয়ে দেশের অন্য যেকোনো শ্রেণি-পেশার মানুষের চেয়ে এনবিআর কর্মকর্তারা বেশি অবগত। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের প্রভাব থেকে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি।
তিনি বলেন, নীতি ও নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা করা, কারও প্রতি বিরূপ মনোভাব দেখানো কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতার কারণে এনবিআর প্রশ্নবিদ্ধ হয়েছিল। এতে প্রতিষ্ঠানটির ওপর মানুষের আস্থা নষ্ট হয়েছে।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। বিশেষ করে করদাতারা এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করেন। দক্ষ ও টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমেই সেই আস্থা অর্জন সম্ভব।
করদাতাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব এনবিআর কর্মকর্তাদের নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার এনবিআর তথা দেশের রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিতাড়িত ফ্যাসিস্ট চক্র দেশকে ঋণনির্ভর ও আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করে গণঅভ্যুত্থানের মুখে পালিয়েছে। বর্তমান সরকার শুধু বৈদেশিক সহায়তার ওপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার নীতির বিরোধী।
এ কারণে রাজস্ব আহরণে দেশের অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র ও উৎস বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, আয় ও রাজস্বের ক্ষেত্র বাড়াতে সরকার গণমুখী উৎপাদন নীতি গ্রহণ করেছে। এর ফলে দেশে বিনিয়োগ বাড়বে, ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়ন সম্প্রসারিত হবে, মানুষের আয় বাড়বে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি জনগণ আরও উন্নত সরকারি সেবা পাবে।
এ ক্ষেত্রে এনবিআরের আরও দক্ষ ও কার্যকর ভূমিকা প্রয়োজন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তনের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তিত হচ্ছে। ব্যবসার নতুন নতুন মডেল তৈরি হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক কর ও রাজস্ব ব্যবস্থাপনাতেও পরিবর্তন এসেছে।
পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC