
রাইজিং ক্যাম্পাস

অনার্স পরীক্ষার ফলাফলে দেশসেরা কৃতিত্ব অর্জন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন কুমিল্লার মেধাবী শিক্ষার্থী সামিয়া বিনতে জিহাদ মাহি।
সামিয়া কুমিল্লা নগরীর ছোটরা এলাকার আনোয়ার হোসেন সাদ্দাত জিহাদের দ্বিতীয় কন্যা। তিনি কুমিল্লা সোনার বাংলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ২০২৩ সালের অনার্স পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।
সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সামিয়ার হাতে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
অনুষ্ঠানে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ছয় বছরে সেরা ফলাফল অর্জনকারী ৩৭টি কলেজের ৫৭ জন কৃতী শিক্ষার্থীকে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও ২৫ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে।
এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন, আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিতসহ ৪ হাজার ৯২১ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অ্যাওয়ার্ডের আর্থিক প্রণোদনা হিসেবে মোট ১৪ লাখ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
সামিয়ার দেশসেরা ফলাফল ও জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার খবরে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও কুমিল্লাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তার এ সাফল্য কুমিল্লার শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC