
করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তি ও জটিলতা দূর করতে ভ্যাট রিফান্ড বা অর্থ ফেরত প্রদানের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে অটোমেটেড বা অনলাইন পদ্ধতিতে ভ্যাট রিফান্ডের আবেদন করা যাবে এবং প্রাপ্য অর্থ সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
আজ বুধবার (০৭ জানুয়ারি) ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের আওতায় তিনজন করদাতাকে সরাসরি মোট ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট ফেরত প্রদানের মাধ্যমে এই অনলাইন রিফান্ড প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
এনবিআর জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় ভ্যাট ব্যবস্থাপনার ‘ই-ভ্যাট’ (e-VAT) সিস্টেমের সঙ্গে অর্থ বিভাগের ‘আইবাস++’ (iBAS++) সিস্টেমের সমন্বয় করা হয়েছে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের বিইএফটিএন (BEFTN) নেটওয়ার্ক ব্যবহার করে করদাতার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর সম্ভব হবে।
নতুন অনলাইন ব্যবস্থার আওতায় করদাতারা এখন থেকে মাসিক মূসক (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়ই সরাসরি অনলাইনে ভ্যাট রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট মূসক কমিশনারেট অনলাইনে তা যাচাই-বাছাই ও প্রক্রিয়াকরণ সম্পন্ন করবে। যাচাই শেষে আবেদন অনুমোদিত হলে প্রাপ্য অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে।
এনবিআর আরও জানিয়েছে, অনলাইন রিফান্ড মডিউল চালুর ফলে পুরো প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ স্বচ্ছ ও দ্রুততর। রিফান্ডের আবেদন দাখিল কিংবা চেক সংগ্রহের জন্য করদাতাদের আর সশরীরে ভ্যাট কার্যালয়ে দৌড়ঝাঁপ করতে হবে না। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি ভ্যাট প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে।
তবে ভ্যাট রিফান্ড সংক্রান্ত কোনো বিশেষ তথ্য বা কারিগরি সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।










