শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

৭২ এর সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে এ জাতীয় কথা সম্পূর্ন অবাস্তব: ড. রেদোয়ান আহমেদ

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Such talk of throwing away the 1972 constitution is completely unrealistic- Dr. Redwan Ahmed
৭২ এর সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে এ জাতীয় কথা সম্পূর্ন অবাস্তব: ড. রেদোয়ান আহমেদ/ছবি: প্রতিনিধি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা জামায়াতে ইসলামীর সঙ্গে মিলে দাবি করছে জুলাই সনদের ওপর নির্বাচন হতে হবে। ৭২-এর সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। এ জাতীয় কথা সম্পূর্ণ অবাস্তব। কারণ জুলাই সনদ সংবিধান থেকে বড় নয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর ইসহাকিয়া দাখিল মাদরাসার মাঠে বাতাঘাসী ইউনিয়ন এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. রেদোয়ান বলেন, ‘তারা বলছে আওয়ামী লীগের সংবিধান বাতিল করে দিতে হবে। এই সংবিধান আওয়ামী লীগের নয়, এই সংবিধান মুক্তিযুদ্ধের সংবিধান। আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি।

সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা এই তিনটি বিষয়ের ওপর ৭২-এর সংবিধান রচনা করা হয়। সুতরাং সংবিধান মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘আন্দোলনের আগে ছাত্ররা কোনো সংস্কারের কথা বলেনি। কিন্তু বিএনপি ২০২২ সাল থেকে তাদের ৩১ দফা দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে এ দেশে সংস্কারের কথা তাদের ম্যানুফেস্টুতে বলেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন সব রাজনৈতিক দল নিয়ে এবং যারা যুগপৎ আন্দোলন-সংগ্রামে ছিল তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করবেন। সরকার গঠিত হলে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার প্রতিটি প্রস্তাব বাস্তবায়িত হবে।’

এলডিপির মহাসচিব আরো বলেন, ‘শেখ হাসিনার ফাঁসি কার্যকর হতে ২০ বছর লাগবে। এতদিন বাঁচে কি না সন্দেহ। সে যে অপরাধ ও অন্যায় করেছে ট্রাইব্যুনাল যদি তার ফাঁসির আদেশও দেয়, তাতে কি তার ফাঁসির আদেশ কার্যকর হয়ে যাবে? বিচার ও ফাঁসির আদেশ কার্যকরের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

তার যে বিচার হয় সেই বিচার কার্যকর করতে নির্বাচিত সরকার চেষ্টা চালাবে।’

বাতাঘাসী ইউনিয়ন এলডিপি নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপির সভাপতি একেএম সামছুল হক মাস্টার, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. সাদেকুল ইসলামসহ প্রমুখ।

উল্লেখ্য, সম্মেলনে শাহজাহান সিরাজকে সভাপতি ও হানিফ মেম্বারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের বাতাঘাসী ইউনিয়ন এলডিপির কমিটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন