বুধবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

৩৬ বছর পর ফেনী পেল পূর্ণ মন্ত্রী

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Abdul Awal Mintu
আব্দুল আউয়াল মিন্টু/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

ফেনী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই অভিনন্দন জানান তিনি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিক তার স্ট্যাটাসে লেখেন— “অভিনন্দন। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টু ভাই। আল্লাহ আপনাকে সুশাসনের মাধ্যমে ফেনীবাসীর খেদমত করার তাওফীক দিন, আমীন। অবসান হোক রাজনৈতিক প্রতিহিংসা এবং সামাজিক অস্থিতিশীলতার।”

এর আগে এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তার নিজ জেলা ফেনীতে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দাগনভূঞায় দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
স্থানীয় বেকের বাজারে উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান চৌধুরী পলাশ সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মিষ্টিমুখ করান।
তিনি জানান, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদুল আউয়াল মিন্টু নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দাগনভূঞাবাসী প্রথমবারের মতো সংসদ সদস্য পেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের মন্ত্রীসভায় তিনি বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন— যা দাগনভূঞাবাসীর জন্য গর্বের বিষয়।
দেশের খ্যাতিমান শিল্পপতি আবদুল আউয়াল মিন্টুর এই অর্জনের মধ্য দিয়ে ফেনীবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে বলেও মনে করছেন স্থানীয়রা।
এর আগে ফেনী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপার্সন খালেদা জিয়া। একই আসন থেকে সংসদ সদস্য হয়ে বস্ত্র ও পাট এবং বন ও পরিবেশসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন লে. কর্নেল (অব.) জাফর ইমাম।
২০০৬ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ সময় ধরে ফেনীবাসী আর কোনো মন্ত্রী পাননি। এবার সেই শূন্যতা পূরণ হওয়ায় জেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

আরও পড়ুন