
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষের জন্য কোম্পানি ব্যতীত ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে। পূর্বনির্ধারিত ৩০ নভেম্বর ছিল রিটার্ন দাখিলের শেষ দিন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন করদাতারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের রিটার্ন দাখিল করতে পারবেন।
রোববার (২৩ নভেম্বর) এনবিআর-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিশেষ আদেশের ঘোষণা দেওয়া হয়।
এই বছর কিছু ব্যতিক্রম ছাড়া সকল ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার সুযোগ রাখা হয়েছে। অনলাইনে রিটার্ন দাখিলে বাধ্য নন, এমন করদাতারা হলেন, ৬৫ বছর বা তার অধিক বয়সের প্রবীণ করদাতা। শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা। বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা। মৃত করদাতার আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল। বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।
তবে, এবার করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে যদি কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে না পারেন, তবে তিনি ১৫ ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট যৌক্তিকতা উল্লেখ করে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। এ বিষয়ে একটি আলাদা আদেশও জারি করেছে এনবিআর।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তারা অনলাইনে রিটার্ন দাখিলে বাধ্য না হলেও, পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য ই-মেইলে পাঠালে তাদের ই-মেইলে OTP ও নিবন্ধন সংক্রান্ত লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে রিটার্ন দাখিল করতে পারবেন।
ই-রিটার্ন প্রক্রিয়ায় করদাতারা কোনো রকম কাগজপত্র আপলোড ছাড়াই তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত তথ্য সিস্টেমে এন্ট্রি করতে পারছেন। এতে করে ঘরে বসেই আয়কর পরিশোধ করা সম্ভব হচ্ছে। কর পরিশোধের জন্য ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) ব্যবহার করা যাবে।
সবচেয়ে সুবিধাজনক দিক হলো, রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গেই করদাতাগণ স্বয়ংক্রিয়ভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও প্রয়োজনীয় তথ্যসহ কর সনদ প্রিন্ট করার সুযোগ পাচ্ছেন। এই সহজ প্রক্রিয়ার কারণে দেশে-বিদেশে অবস্থানরত করদাতাদের কাছে ই-রিটার্ন এখন বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
ই-রিটার্ন প্রক্রিয়াকে আরও সহজবোধ্য করার জন্য এনবিআর গত বছরের মতো এবারও করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিলের প্রশিক্ষণ দিয়েছে। পাশাপাশি, করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি যেমন: আয়কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং চার্টার্ড সেক্রেটারিদেরও এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তার জন্য এনবিআর একটি কল সেন্টারের সুবিধা রেখেছে। ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে কল করে তাৎক্ষণিক সমাধান পাওয়া যাবে। এছাড়া, www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন অথবা সারাদেশের কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প ডেস্ক থেকে অফিস সময়ের মধ্যে সেবা গ্রহণ করা যাবে।
জাতীয় রাজস্ব বোর্ড সকল ব্যক্তি শ্রেণির করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।









