রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন তারেক রহমান, বক্তব্য দেবেন টাউন হল মাঠে

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -Tarique Rahman
তারেক রহমান/ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আগামী ২৪ জানুয়ারি কুমিল্লা সফর করবেন—এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে তারেক রহমানের কুমিল্লা আগমনকে ঘিরে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে ১৪ জানুয়ারি কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠ পরিদর্শন করেছেন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সিএসএফ (CSF) টিমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মাঠ পরিদর্শনকালে নেতৃবৃন্দ আগমন অনুষ্ঠানটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠের সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ নির্মাণ, জনসমাগম নিয়ন্ত্রণসহ অন্যান্য প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “তারেক রহমানের আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে।”

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ মাঠ পরিদর্শন করা হয়েছে। তাকে দেখার এবং তার বক্তব্য শোনার জন্য কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপ বলেন, “২০০৩ সালে তারেক রহমান কুমিল্লা স্টেডিয়ামে একটি ইউনিয়নের কর্মী সভায় বক্তব্য দিয়েছিলেন। এই প্রথম কুমিল্লা জেলায় বড় মহাসমাবেশে আমাদের নেতা বক্তব্য রাখবেন। তারেক রহমানের আগমন কুমিল্লার ১১টি আসনের ধানের শীষের প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। তাকে বরণ করতে হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছে। নেতার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে।”

এছাড়া বিএনপির নেতৃবৃন্দ আরও জানান, দলীয় কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন এবং কুমিল্লার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মাঠ পরিদর্শনকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন