
আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি (সোমবার) শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একই বছরের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এসব সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে বিভিন্ন গবেষণা সংস্থা। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। খবর গালফ নিউজের।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, হিজরি সন চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল হওয়ায় ইংরেজি ক্যালেন্ডারে প্রতিবছর পবিত্র রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে, ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে রমজান প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রোজা।
তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় রমজান শুরুর এই তারিখ এখনো সম্ভাব্য হিসাবের পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণা অনুযায়ী রোজা শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
সাধারণত পবিত্র রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয় পবিত্র ঈদুল ফিতরের তারিখ।
বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। তবে চাঁদ দেখার পরিস্থিতি অনুযায়ী তারিখে পরিবর্তন হতে পারে।











