সোমবার ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

১২ মার্চ থেকে চালু হচ্ছে সরাসরি ঢাকা-মালে ফ্লাইট

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla - Direct Dhaka-Male flight to be launched from March 12
১২ মার্চ থেকে চালু হচ্ছে সরাসরি ঢাকা-মালে ফ্লাইট

মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ান এয়ারলাইন্স সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের তাজ ম্যারিয়ট ভবনে তাদের ঢাকা সিটি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। একইসঙ্গে আগামী ১২ মার্চ থেকে ঢাকা-মালে-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে আকাশপথে যোগাযোগকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিটি অফিসের উদ্বোধন করেন মালদিভিয়ান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এম. ইব্রাহিম ইয়াস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম, জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্সিয়াল) মোহামেদ সাফাহ এবং বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ।

উদ্বোধনী বক্তব্যে ইব্রাহিম ইয়াস বলেন, “এই রুট পুনরায় চালু করা মালদ্বীপে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়কে সেবা দেওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন এবং এটি দ্বিপাক্ষিক সংযোগ আরও শক্তিশালী করবে।” তিনি আরও যোগ করেন, “ঢাকা মালদিভিয়ানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এই রুট পুনরায় চালু করা আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ — যাতে বাংলাদেশি কর্মী ও মালদ্বীপের ভ্রমণকারীরা নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণ সুবিধা পান। আমরা বিশ্বাস করি, এই সেবা দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও গভীর করবে।”

উদ্বোধন শেষে মালদিভিয়ানের প্রতিনিধিদল সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ-এর চেয়ারম্যান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রাথমিকভাবে ফ্লাইটটি সপ্তাহে দুইদিন — রোববার ও বৃহস্পতিবার পরিচালিত হবে। রিটার্ন ভাড়া শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৭,৮৮০ টাকা) থেকে। ফ্লাইটগুলো ভোরের দিকে ঢাকায় অবতরণ করবে, যাতে যাত্রীরা সহজেই অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ ফ্লাইট ধরতে পারেন।

যাত্রীরা পাবেন ৩০ কেজি বিনামূল্যে ব্যাগেজ সুবিধা এবং বিনামূল্যে অনবোর্ড খাবার। টিকিট বুকিং চালু হয়েছে মালদিভিয়ানের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টার (১৬৭১)-এর মাধ্যমে।

মালদিভিয়ান কর্তৃপক্ষ জানায়, মালদ্বীপে কর্মরত বাংলাদেশি নাগরিকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতেই এই রুট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষত রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল বৃদ্ধির সময়কে সামনে রেখে এই সেবা চালু করা হচ্ছে, যা বিদেশগামী মালদ্বীপের নাগরিক এবং দেশে ফেরা প্রবাসী বাংলাদেশি উভয় শ্রেণির জন্যই সুবিধাজনক হবে। উল্লেখ্য, ঢাকা মালদ্বীপের নাগরিকদের কাছে ব্যবসা, স্বল্পমেয়াদি ভ্রমণ এবং আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় গন্তব্য।

রুট পুনরায় চালু উপলক্ষে “Dhaka, We Heard You” শিরোনামে একটি বিশেষ মিউজিক ফেস্টিভ্যাল আয়োজনের ঘোষণা দিয়েছে এয়ারলাইনটি। আগামী শুক্রবার মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের জন্য এই উৎসব আয়োজন করা হবে। এয়ারলাইন কর্মকর্তারা বলেন, এই সাংস্কৃতিক উদ্যোগ বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্কের প্রতীক।

বর্তমানে মালদিভিয়ান এয়ারলাইন্সের বহরে রয়েছে মোট ২৬টি উড়োজাহাজ — একটি ওয়াইড-বডি এয়ারবাস এ৩৩০, একটি ন্যারো-বডি এয়ারবাস এ৩২০, পাঁচটি এটিআর, আটটি ড্যাশ ৮ এবং এগারোটি ড্যাশ ৬ টুইন অটার। এই বৈচিত্র্যময় বহর নিয়ে এয়ারলাইনটি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে আসছে।

আরও পড়ুন