
‘মেধার বিকাশ, জ্ঞানের প্রসার’ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের লাখাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কিশোরকণ্ঠ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার অধীন লাখাই উপজেলা শাখার উদ্যোগে এ পরীক্ষার আয়োজন করা হয়। উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্রজুড়ে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
পরীক্ষার সার্বিক কার্যক্রম ও কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোত্তালেব। এ ছাড়া পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সাবেক চেয়ারম্যান মাওলানা রবিউল হাসান, মুড়িয়াউক চৌধুরী আজিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আক্তার ফারুক, লাখাই উপজেলা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সাবেক পরিচালক মো. হাবিবুর রহমান এবং শেখ মো. শহিদুল্লাহ।
পরীক্ষার কেন্দ্র পরিচালক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন হবিগঞ্জ জেলা প্রতিনিধি জুবায়েল আহমেদ। সহকারী কেন্দ্র পরিচালক ও লাখাই উপজেলা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এইচ কে হাবিবুর রহমান।
পরীক্ষা পরিচালনা পর্ষদ, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকার ফলে সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। তাদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে কিশোরকণ্ঠের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান আয়োজকরা। শিক্ষার্থীদের মধ্যে মেধার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।








