বুধবার ২৬ আগস্ট, ২০২৬

সৌদিতে আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Mass crackdown in Saudi Arabia over legal violations.
সৌদিতে আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার/ছবি: সংগৃহীত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে মোট ১৪ হাজার ২৬০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৯০০ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে ৩ হাজার ৩৮২ জন এবং শ্রম-সম্পর্কিত আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৩ হাজার ৩৭৮ জন রয়েছেন।

আটককৃতদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ান, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক বলে জানিয়েছে এসপিএ।

এ ছাড়া সৌদি আরব থেকে অবৈধভাবে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৫২৪ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে পরিবহন বা আশ্রয় দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ জানাতে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে টোল ফ্রি ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চল থেকে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

আরও পড়ুন