
জুলাই গণঅভ্যুত্থানের রাজপথ থেকে জাতীয় সংসদ—একই সবুজ টি-শার্টে শপথ নিলেন জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনের সময় যেই পোশাকে তাকে বারবার দেখা গেছে, সেই চিরচেনা সবুজ জার্সি পরেই সংসদে শপথ নিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৬ মিনিটে তিনি দলের প্রধান নাহিদ ইসলাম-এর সঙ্গে একই গাড়িতে করে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেন। এ সময় নাহিদ ইসলাম নীল রঙের এক কালারের পাঞ্জাবি পরিহিত ছিলেন। আর হাসনাত আব্দুল্লাহর গায়ে ছিল তার পরিচিত সবুজ জার্সি, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সংযুক্ত রয়েছে। এবং দুপুর দেড়টার কিছু আগে এনসিপির নির্বাচিত ৬ সংসদ সদস্য শপথ নেন।
জানা গেছে, জুলাই বিপ্লবের চেতনা এবং রাজপথের লড়াইকে যারা ধারণ করেন, তাদের কাছে হাসনাতের এই সবুজ টি-শার্ট এখন এক বিশেষ প্রতীক। ছাত্র-জনতার উত্তাল দিনগুলোতে রাজপথের সম্মুখসারিতে তাকে ঠিক এই পোশাকেই দেখা গেছে। ফলে শপথের দিনেও একই পোশাক পরা অনেকের কাছে এক প্রতীকী বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যরা শপথ নেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নবনির্বাচিত সদস্যরাও শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করান।
এদিকে বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
জানা গেছে, আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।








