
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ (সদর-সিটি কর্পোরেশন-সেনানিবাস-সদর দক্ষিণ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী সব ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় আসেন তিনি। এসময় হাজারও নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন এই প্রবীণ নেতা।
মনিরুল হক চৌধুরীকে বরণ করে নিতে কুমিল্লা ক্যান্টনমেন্ট, আলেখারচর, কোটবাড়ি বিশ্বরোড এবং পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল ও গাড়ি নিয়ে উপস্থিত হন। নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন। এই বিপুল সংবর্ধনা ছিল দলীয় নেতাকর্মীদের মাঝে তার জনপ্রিয়তারই প্রতিফলন।
নিজ বাড়িতে পৌঁছানোর পর মনিরুল হক চৌধুরী প্রথমে তার বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।
উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তাদের দেওয়া ফুলেল ভালোবাসায় তিনি সিক্ত হন। নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন।
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ গুরুত্বপূর্ণ আসনে আমার ওপর আস্থা রেখেছেন, সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মনিরুল চৌধুরী বলেন, “অতীতের ন্যায় এখনো আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আশা পূরণ করতে পারি।”
এসময় তিনি দলের অপর মনোনয়ন প্রত্যাশী হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে নিয়ে বলেন, “তিনি আমার দলের সতীর্থ ভাই, তাদের প্রতি আমাদের কোনো রাগ ক্ষোভ অভিমান নেই। আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে তারা কষ্ট পায়। আমরা সবাই জাতীয়তাবাদী পরিবারের অংশ। আমরা ধানের শীষের পক্ষে সব ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে চাই।”










