শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

সদর দক্ষিণ উপজেলায় মাটিকাটা ঠেকাতে ইউএনওর অভিযান

রাইজিং ডেস্ক

সদর দক্ষিণ উপজেলায় মাটিকাটা ঠেকাতে ইউএনওর অভিযান
সদর দক্ষিণ উপজেলায় মাটিকাটা ঠেকাতে ইউএনওর অভিযান/ছবি: সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৫) দুটি পৃথক অভিযানে চারটি মাটিবোঝাই ট্রাক্টর ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে একজন কনট্রাকটরকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে প্রথম অভিযানটি পরিচালিত হয় সুয়াগঞ্জ বাজারের পূর্বপাশে লামপুর এলাকায়।

এ সময় চারটি মাটিভর্তি ট্রাক্টর আটক করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অভিযানে পিপুলিয়ার টঙ্গীরপাড় এলাকায় একটি এক্সকাভেটর জব্দ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আবাদযোগ্য কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে কুমিল্লা সদর উপজেলার জোড়কানন পূর্ব এলাকার গোয়ালগাঁও গ্রামের কনট্রাক্টর মো. তাজু (৪৬), পিতা- মৃত সিদ্দিকুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত যানবাহনগুলোর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইউএনও সুজন চন্দ্র রায় জানান, “কৃষিজমির টপ সয়েল কর্তনে হাইকোর্টের আদেশ অমান্য করে যারা মাটি কাটবেন, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে যদি কেউ তদবির বা সুপারিশ করেন, তার বিরুদ্ধেও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন