
সারা দেশে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের একটি তালিকা তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ দিতে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
চিঠিটি দেশের সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা এবং এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগে বিলম্বের কারণে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
এই পরিস্থিতিতে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখা এবং গুণগত ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে একটি ‘অবসরপ্রাপ্ত শিক্ষক পুল’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির অনুমোদন সাপেক্ষে এই পুল গঠন করতে হবে।
এছাড়া, প্রতিটি উপজেলায় অবসরপ্রাপ্ত ও সক্ষম শিক্ষকদের নিয়ে একটি তালিকা প্রস্তুত করার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এই পুল থেকে সাময়িক ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে।
এ সংক্রান্ত সম্মানী প্রদানের ব্যয় প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে নির্বাহ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়েছে।









