
বিশ্বব্যাপী তেল সংকটের প্রেক্ষাপটে জরুরি পদক্ষেপ হিসেবে চার দিনের কর্মসপ্তাহ চালু করেছে শ্রীলংকা সরকার।
বিবিসি এর প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সংস্থাগুলোর জন্য প্রতি সপ্তাহে এক দিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই কার্যত কর্মসপ্তাহ চার দিনে সীমাবদ্ধ হচ্ছে। ১৮ মার্চ থেকে বুধবারকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।
এর আগে থেকেই দেশটিতে শনি ও রোববার সাপ্তাহিক ছুটি ছিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এখন সপ্তাহে তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।
প্রেসিডেন্ট অনুরা কুমার ডিসানায়েকে সোমবার (১৬ মার্চ) সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বলেন, “আমরা সর্বনাশের জন্য প্রস্তুত থাকব, তবে সেরা ফলাফলের আশা রাখব।”
নতুন চার দিনের কর্মসপ্তাহটি শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রযোজ্য হবে। এর আওতায় স্কুল ও বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত থাকলেও স্বাস্থ্যসেবা, বন্দর এবং অন্যান্য জরুরি সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে।
সরকার বুধবারকে অতিরিক্ত ছুটির দিন হিসেবে নির্ধারণ করেছে, যাতে টানা তিন দিন সরকারি অফিস বন্ধ না থাকে। একই সঙ্গে চালক ও গাড়ির মালিকদের জন্য ন্যাশনাল ফুয়েল পাস সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে নিবন্ধন করে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি সংগ্রহ করা যাবে।
সরকার সব প্রতিষ্ঠানকে প্রয়োজন অনুযায়ী রিমোট ওয়ার্ক চালুর আহ্বান জানিয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ সেবা বিভাগের কমিশনার জেনারেল প্রভাত চন্দ্রকীর্তি বলেন, বেসরকারি খাতকেও বুধবার ছুটি ঘোষণার মাধ্যমে এই উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রাখার আহ্বান জানানো হয়েছে।
কলম্বোর কর্তৃপক্ষ আশা করছে, ২০২২ সালের মতো তীব্র তেল সংকট, বিদ্যুৎ বিভ্রাট ও সামাজিক অস্থিরতা পুনরায় দেখা দেবে না।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী-তে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করছে। এর ফলে তেলের দাম বাড়ছে এবং আমদানিনির্ভর দেশগুলো অনিশ্চয়তার মুখে পড়ছে।









