
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রথমেই শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন, তিনি তাঁর বক্তব্যে ভাষা শহীদদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করে বাংলার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শ্রদ্ধা নিবেদনের এই মিছিলে যোগ দেয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চান্দিনা থানা পুলিশ, চান্দিনা প্রেসক্লাব, পৌরসভা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এবং ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। রাত থেকেই সাধারণ মানুষের ঢল নামায় পুরো শহীদ মিনার এলাকা ফুলে ফুলে ভরে ওঠে। জানা গেছে, দিবসটি উপলক্ষে দিনব্যাপী প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মতো নানা আয়োজন হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।










