শনিবার ৭ মার্চ, ২০২৬

শীতের দিনে রোদ ছাড়া ভিটামিন ডি পাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Vitamin D without sun
প্রতীকি ছবি/আইস্টক

আমাদের দেশে অন্যান্য ঋতুতে যদিও বেশির ভাগ দিনই রৌদ্রোজ্জ্বল থাকে, তবু—প্রতি চারজনের একজন ভিটামিন ডি-এর অভাবজনিত সমস্যায় ভুগছেন। শীতকালে এই ঝুঁকি আরও বেড়ে যায়। বিশেষ করে মাঘ মাসে সূর্যের তেজ কমে যায়, দীর্ঘ সময় ধরে আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকে। ফলে শরীর পর্যাপ্ত সূর্যালোক পায় না এবং ভিটামিন ডি উৎপাদন ব্যাহত হয়।

ভিটামিন ডি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এর অভাবে দেখা দিতে পারে ক্লান্তি, দুর্বলতা, হাড় ও পেশির ব্যথা, দাঁতের ক্ষয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস। শীতকালে বাত দোষ বৃদ্ধির কারণে অনেকের জয়েন্টে ব্যথা বেড়ে যায়, যা ভিটামিন ডি-এর ঘাটতির কারণে আরও তীব্র হতে পারে।

চিকিৎসকদের মতে, ভিটামিন ডি মূলত শরীরে দুটি রূপে পাওয়া যায়—ভিটামিন ডি৩ ও ভিটামিন ডি২। ভিটামিন ডি৩ সূর্যালোকের সংস্পর্শে ত্বকে তৈরি হয়। অন্যদিকে ভিটামিন ডি২ পাওয়া যায় খাদ্য ও খাদ্য-সম্পূরক থেকে।

বিশেষজ্ঞদের মতে, বয়সভেদে দৈনিক ভিটামিন ডি-এর চাহিদা ভিন্ন। প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ৬০০ থেকে ৮০০ আইইউ, শিশুদের ৪০০ আইইউ, ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি ও গর্ভবতী নারীদের জন্য প্রতিদিন ৮০০ থেকে ১,০০০ আইইউ ভিটামিন ডি প্রয়োজন। রক্তে ভিটামিন ডি-এর স্বাভাবিক মাত্রা ধরা হয় ৩০ থেকে ৫০ এনজি/মিলি। এর নিচে নেমে গেলে ঘাটতির ঝুঁকি তৈরি হয়।

শীতকালে সূর্যালোকের অভাবে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করা কঠিন হলেও অসম্ভব নয়। এ সময় খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। ফোর্টিফাইড দুধ, সিরিয়াল, বাদাম ও সয়া জাতের ফোর্টিফাইড খাবার নিয়মিত খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

মাশরুম ভিটামিন ডি২-এর একটি ভালো উৎস। এটি সালাদে সিদ্ধ করে কিংবা অল্প ঘি, জিরা ও লবণ দিয়ে ভেজে খাওয়া যেতে পারে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি সম্পূরক গ্রহণ করাও কার্যকর বিকল্প হতে পারে।

দুধ ও দইয়ে স্বাভাবিকভাবেই অল্প পরিমাণ ভিটামিন ডি থাকে। ঘাটতি থাকলে এসব খাবার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। ক্যালসিয়ামের সঙ্গে দুধ ও দই গ্রহণ করলে ভিটামিন ডি-এর শোষণ আরও ভালো হয় এবং হাড় ও জয়েন্ট মজবুত রাখতে সহায়তা করে।

সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত যত্ন নিলে সূর্যের আলো না পেলেও ভিটামিন ডি-এর ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: নিউজ ১৮

আরও পড়ুন