
লাখাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ১২০ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে এসব জাল বিনষ্ট করা হয়। জব্দকৃত এই জালগুলোর আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকারও বেশি।
গত ৮ই নভেম্বর রোববার বিকেলে উপজেলার বুল্লা ইউনিয়নের মাদনা হাওরে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কনিক শর্মাসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া লাখাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মুন্না মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
সংশ্লিষ্টরা জানান, মৎস্যসম্পদ রক্ষা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। চায়না দুয়ারি জালের নির্বিচার ব্যবহার জলজ পরিবেশ ও দেশীয় মাছের প্রজননের জন্য মারাত্বক ক্ষতিকর। তাই অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।










