
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ প্রায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। একটি দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে দোকানের মালামালসহ প্রায় ৭০-৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লক্ষ্মীপুর স্টেশনের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ভাষ্যমতে কামারহাট বাজারের ‘আলিফ এন্টারপ্রাইজ’ নামের একটি দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। দোকানটিতে গ্যাস সিলিন্ডার, অকটেন ও ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল মজুত ছিল। অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎ সংযোগও চালু ছিল।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি জানান, তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাবির নামাজ চলাকালে হঠাৎ করেই আলিফ এন্টারপ্রাইজে আগুন জ্বলে ওঠে। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা ধারণা করছেন। দোকানটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
এদিকে গণমাধ্যম ও জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, আলিফ স্টোরে গ্যাসের চুলা মেরামতের সময় লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডে প্রায় ৭০-৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।








