
লক্ষ্মীপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় নুরল করিম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এদিকে ওই নেতা গ্রেপ্তারের খবরে রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে কমলনগরের চরলরেন্স গ্রামের বাড়ি থেকে নুরুল করিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তাকে লক্ষ্মীপুরে জেলা শহরের ৪ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে তার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে এলাকাবাসী।
এ বিষয়ে চরলরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. নুরুল করিম বলেন, করিম মানুষের দোকানপাট দখল করে ট্রলি চালক থেকে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। আদম ব্যবসায়ীর নামে বিদেশে নিয়ে অসহায় গরীব মানুষের সঙ্গে প্রতারণা করেছে।
এ বিষয়ে সেলুন দোকানি আরিফ হোসেন বলেন, করিম আমাকে বিদেশ পাঠিয়ে কাজ না দিয়ে প্রতারণা করেছে। ঋণের টাকা এখনো পরিশোধ করতে পারিনি। টাকার চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়েছি।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাহাদাত হোসেন টিটো বলেন, করিমকে বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ শিক্ষার্থী হত্যার ঘটনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।








