শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে ‘অভিনন্দন’ জানালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Rumeen Farhana and Apu Biswas
রুমিন ফারহানা ও অপু বিশ্বাস/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। প্রায় ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয় পাওয়ায় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্বসহ নানা মহল থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। শুধু রাজনীতিবিদরাই নন, সংস্কৃতি অঙ্গনের তারকারাও শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছেন।

এবার তাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। ছবির ওপর এক শব্দে লেখেন—‘অভিনন্দন’।

অপু বিশ্বাসের এই শুভেচ্ছা বার্তা ইতোমধ্যেই তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। নারী নেতৃত্ব ও জনপ্রিয় তারকার একসঙ্গে উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসের জন্ম দিয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ‘হাঁস’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন রুমিন ফারহানা। তিনি মোট ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।

আরও পড়ুন