বুধবার ১১ মার্চ, ২০২৬

রমজান সামনে রেখে ওমরাহ যাত্রীদের দ্রুত বুকিংয়ের পরামর্শ

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ওমরাহ পালনের পরিকল্পনাকারীদের দ্রুত বুকিং সম্পন্ন করার পরামর্শ দিচ্ছেন ভ্রমণসেবা খাত সংশ্লিষ্টরা। দেরি করলে ওমরাহ প্যাকেজের খরচ দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠানগুলো।

রমজান মাসে মক্কা ও মদিনায় লাখ লাখ মুসল্লির সমাগম ঘটে। ফলে পরিবহন ও আবাসন খাতে অতিরিক্ত চাপ তৈরি হয়, যার সরাসরি প্রভাব পড়ে ওমরাহ প্যাকেজের খরচে। এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম খালিজ টাইমস

ওমরাহ অপারেটরদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বাসে ওমরাহ প্যাকেজের খরচ প্রায় ১ হাজার ২০০ দিরহাম। তবে আগামী কয়েক দিনের মধ্যেই এই ব্যয় বেড়ে ১ হাজার ৪০০ দিরহামে পৌঁছাতে পারে। রমজান যত ঘনিয়ে আসবে, ততই এই খরচ বেড়ে দুই হাজার দিরহামের বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, অনেক যাত্রী শেষ মুহূর্তে তুলনামূলক সস্তা প্যাকেজ পাওয়ার আশায় বুকিং পিছিয়ে দেন। কিন্তু রমজানের ব্যস্ত সময়ে আসন ও হোটেল সংকট দেখা দেওয়ায় শেষ পর্যন্ত তাদের বেশি মূল্য গুনতে হয়।

আকাশপথে ওমরাহ পালনের ক্ষেত্রে খরচ আরও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। বর্তমানে বিমানযাত্রাসহ ওমরাহ প্যাকেজের দাম শুরু হচ্ছে প্রায় ৩ হাজার ৫০০ দিরহাম থেকে। রমজান শুরু হলে এই ব্যয় বেড়ে ৫ হাজার ২০০ দিরহাম ছাড়িয়ে ৮ হাজার দিরহাম পর্যন্ত পৌঁছাতে পারে।

বিশেষ করে রমজানের শেষ দশকে ওমরাহ পালনের খরচ সবচেয়ে বেশি হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ট্যুর অপারেটররা।

বিশ্লেষণে দেখা গেছে, উড়োজাহাজের টিকিটের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও হোটেল ভাড়াই খরচ বৃদ্ধির প্রধান কারণ। মসজিদুল হারাম থেকে হাঁটা দূরত্বে অবস্থিত হোটেলগুলোর ভাড়া রমজান মাসে দ্বিগুণ এবং শেষ দশ দিনে তিনগুণ পর্যন্ত বেড়ে যায়।

হজ মৌসুমের প্রস্তুতির কারণে ওমরাহ ভিসার সময়সীমাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ১৭ মার্চের পর ওমরাহ ভিসার আবেদন বন্ধ হয়ে যাবে। এছাড়া ২ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে এবং ১৮ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করা বাধ্যতামূলক।

এ কারণে খরচ ও সময়—উভয় বিষয় বিবেচনায় রেখে আগেভাগেই পরিকল্পনা ও বুকিং সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন