বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কুমিল্লা নগরীতে জেলা প্রশাসনের অভিযান

রাইজিং কুমিল্লা প্রতিবেদন

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কুমিল্লা নগরীতে জেলা প্রশাসনের অভিযান/ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজার নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরীর রাজগঞ্জ চকবাজারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বাজারে পরিদর্শন করে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। তার সঙ্গে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর সহকারী পরিচালক মো. কাউছার মিয়াসহ অধিদপ্তরের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা মূল্য যাচাই করেন এবং ব্যবসায়ীদের ক্রয় রসিদ পরীক্ষা করেন। বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতি, মজুত অবস্থা ও বিক্রয়মূল্যের তালিকা খতিয়ে দেখা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাজারে মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, রমজানকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যেন অযৌক্তিকভাবে দাম বাড়াতে না পারে, সে লক্ষ্যে জেলা প্রশাসনের বাজার নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজার স্থিতিশীল রাখতে নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অভিযান চলাকালে দেখা যায়, শাক-সবজি ও কাঁচাবাজারের কয়েকটি পণ্যের দামে ঊর্ধ্বগতি রয়েছে। বিশেষ করে লেবু, শসাসহ কিছু মৌসুমি পণ্যের মূল্য তুলনামূলক বেশি রাখা হয়েছে।

একই সঙ্গে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দাম নির্ধারিত সীমার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং যৌক্তিক দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, বাজারে স্বচ্ছতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। সাধারণ ক্রেতাদেরও বাজারে কোনো অনিয়ম চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন