বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

রমজানে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Government to sell milk, eggs and meat at lower prices during Ramadan
রমজানে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার/ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এবার ১০ লাখ পরিবার কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন।

এ লক্ষ্যে রাজধানীর উত্তরা, আজিমপুর ও মিরপুরসহ ২৫টি স্পটে ইতোমধ্যে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে, যা পুরো রমজান মাসজুড়ে চলবে।

তিনি আরও জানান, এই উদ্যোগ ধাপে ধাপে দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণ করা হবে। কর্মসূচির আওতায় ডিমের ডজন পাওয়া যাবে ৯৬ টাকায়, ১ কেজি দুধ ৮০ টাকায় এবং ১ কেজি মাংস ৬৫০ টাকায়। এতে বাজারে পণ্যের দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দুধ, ডিম, মাংস ও মাছসহ প্রোটিনসমৃদ্ধ খাদ্য নির্ধারিত মূল্যে সরবরাহ করা হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।

তিনি বলেন, “রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নিম্নআয়ের মানুষ। সরকারের এই কর্মসূচি তাদের কষ্ট লাঘবে সহায়ক হবে।” ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, জিয়াউর রহমান জনগণের কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রেখেছেন।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন