বুধবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

যাত্রী হয়রানি কমাতে রাজধানীতে বাসে চালু হচ্ছে ই-টিকিট ব্যবস্থা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - E-ticket system being introduced on buses
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা নগরী ও আশপাশের রুটে বাসে চলাচলের শৃঙ্খলা ফেরাতে কাউন্টার পদ্ধতি ও ই-টিকিট চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আরবান টেক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান সড়ক পরিবহন মালিকদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই ই-টিকিট ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করবে। যাত্রীরা নির্ধারিত অ্যাপস অথবা বিশেষ ডিভাইসের মাধ্যমে ই-টিকিট সংগ্রহ করে গণপরিবহনে যাতায়াত করতে পারবেন।

এ পদ্ধতিতে সাধারন পালনীয় কিছু বিষয় সংবাদ সম্মেলনে তুলে ধরেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

১. সকল বাস নির্ধারিত স্টপেজে যাত্রী তুলবে এবং নামাবে।

২. সকল যাত্রীকে অ্যাপ অথবা ডিভাইসের মাধ্যমে ই-টিকেট সংগ্রহ করে গাড়িতে ভ্রমণ করতে হবে।

৩. এ পদ্ধতিতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না। ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া নেওয়া হবে আগের মতই।

সাইফুল আলম বলেন, যাত্রী হয়রানি কমানো এবং ভাড়া নৈরাজ্য বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সারোয়ার হোসেন। তিনি বলেন, ভবিষ্যতে এই ই-টিকিট ব্যবস্থাকে সম্পূর্ণ ক্যাশলেস করার পরিকল্পনা রয়েছে।

ডিএমপির পক্ষ থেকে এই ব্যবস্থা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, এই সিস্টেম চালু হলে গণপরিবহনে চলাচলে যাত্রীরা স্বস্তি পাবেন। রাজধানীর পরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার আওতায় আনতে সংশ্লিষ্ট সব সংস্থা একযোগে কাজ করে যাবে বলেও তিনি আশ্বাস দেন।

আরও পড়ুন