মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

মুঠোফোন আমদানিতে ৬০% শুল্ক কমিয়েছে এনবিআর

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - National Board of Revenue, Bangladesh
মুঠোফোন আমদানিতে ৬০% শুল্ক কমিয়েছে এনবিআর/ছবি: কোলাজ রাইজিং কুমিল্লা

সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের মূল্য বজায় রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআর জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান শুল্কের পরিমাণ প্রায় ৬০ শতাংশ হ্রাস পেল।

একই সঙ্গে দেশে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো যেন বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সে বিষয়টিও বিবেচনায় রেখেছে এনবিআর। এ লক্ষ্যে পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করে সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে উপকরণ আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।

এনবিআরের জারি করা দুটি প্রজ্ঞাপনের ফলে মোবাইল ফোন ও সংযোজন খাতে দাম কমার সুস্পষ্ট প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে—

  • ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা কমবে।

  • ৩০ হাজার টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা কমবে।

সরকারের প্রত্যাশা, মোবাইল ফোন আমদানি ও সংযোজন শিল্পে ব্যবহৃত উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য শুল্ক হ্রাসের ফলে সব শ্রেণির মানুষের জন্য মোবাইল ফোন আরও সহজলভ্য হবে। এর মাধ্যমে দেশের নাগরিকরা ডিজিটাল সেবা গ্রহণে আরও সুবিধা পাবেন।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের দাম রাখতে সরকারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন