বুধবার ১১ মার্চ, ২০২৬

মার্কেটিং ও সেলস খাতে প্রবাসীদের সুযোগ কমিয়ে স্থানীয়দের নিয়োগ দেবে সৌদি আরব

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Riyadh, Saudi Arabi
১৮ ডিসেম্বর, ২০১৭ - রিয়াদ, সৌদি আরব/ছবি: রয়টার্স

সৌদি আরব মার্কেটিং ও সেলস (বিক্রয়) খাতে প্রবাসীদের কাজের সুযোগ কমিয়ে দিয়ে নিজস্ব নাগরিকদের জন্য বড় পরিসরে কর্মসংস্থানের পথ খুলে দিচ্ছে।

দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সোমবার (১৯ জানুয়ারি) এক ঘোষণায় জানিয়েছে, এই দুই খাতে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে এখন থেকে অন্তত ৬০ শতাংশ কর্মী সৌদি নাগরিক হতে হবে।

ফলে সৌদি আরবে কর্মরত অন্যান্য দেশের নাগরিকদের জন্য এটি একটি বড় দুঃসংবাদ হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানে তিন বা তার বেশি কর্মী কাজ করেন, তাদের মোট জনবলের ৬০ শতাংশ স্থানীয় সৌদি নাগরিক দিয়ে পূরণ করতে হবে।

মার্কেটিং খাতে এই সিদ্ধান্তের আওতায় থাকছে— মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার ও জনসংযোগ পদের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে সেলস খাতে বিক্রয় ব্যবস্থাপক থেকে শুরু করে আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞের মতো পদগুলোতেও সৌদি নাগরিকদের নিয়োগ বাধ্যতামূলক করা হচ্ছে।

সৌদিনির্ভরতা বাড়ানো হচ্ছে।  সরকারি এই সিদ্ধান্ত ঘোষণার তিন মাস পর থেকে দেশজুড়ে নিয়মটি কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, এসব পদে নিযুক্ত সৌদি কর্মীদের মাসিক ন্যূনতম বেতন হতে হবে ৫ হাজার ৫০০ রিয়াল।  এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো দেশটির বেসরকারি খাতের শ্রমবাজারকে স্থানীয়দের কাছে আরও আকর্ষণীয় করে তোলা এবং যোগ্য সৌদি নাগরিকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা।

এই সিদ্ধান্তের ফলে মার্কেটিং ও সেলস পেশায় নিয়োজিত কয়েক লাখ প্রবাসী কর্মী বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সৌদি গ্যাজেটের বরাতে জানানো হয়েছে, শ্রমবাজারের মানোন্নয়ন এবং মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

দীর্ঘদিনের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন খাতে প্রবাসীদের পরিবর্তে নিজস্ব জনবল নিয়োগের যে ‘সৌদিকরণ’ প্রক্রিয়া, তা এবার আরও জোরালোভাবে বাস্তবায়ন হচ্ছে।

 

সূত্র: সৌদি গ্যাজেট

আরও পড়ুন