
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
এর মধ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।
প্রকাশিত ফলের পরিসংখ্যান অনুযায়ী, আলিম পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৫৪৭ জন। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন।
ছাত্রদের পাশের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাশের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট।
জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছেন। এ বছর ছাত্রদের মধ্যে ২ হাজার ২৮ জন এবং ছাত্রীদের মধ্যে ১ হাজার ২২২ জন জিপিএ-৫ পেয়েছে। সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৪৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে ২ হাজার ৭০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।







