
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘নটরডেমিয়ান পরিবার’ এর উদ্যোগে ‘সানন্দা খানকায়ে দ্বীনিয়া মাদরাসা ও এতিমখানা’র ১১০ জন শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে।
রবিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৩০২ নং কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সদস্য তাছপিক জাহিন রাফির সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব (২০২৩-২৪), বর্তমান কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রিয়াদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের প্রচার সম্পাদক পিয়াস রন্জন বিশ্বাস বলেন, “আজকের এই মানবিক আয়োজন—১১০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর সাথে ইফতার। আমাদের সংগঠনের মূল চেতনা, মানবতা, ঐক্য ও দায়বদ্ধতার এক সুন্দর প্রতিফলন। আমাদের লক্ষ্য এটি শুধু একটি সংগঠন নয়, বরং একটি শক্তিশালী পরিবার, যা বিশ্ববিদ্যালয় এবং সমাজে একটি অনুকরণীয় উদাহরণ হবে।”
সাংগঠনিক সম্পাদক আমিনুল হৃদয় বলেন, “আমরা সবাই জানি, নটরডেম কলেজ সবসময়ই অন্যদের থেকে আলাদা, সেই ঐতিহ্য ধরে রাখতে আমাদেরও সবসময় চেষ্টা করতে হবে ভিন্ন ও অর্থবহ কিছু করার, যা সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করবে। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে নটরডেমিয়ান পরিবারের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবো।”
ইফতারের আগে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের সাফল্য এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।










